Showing posts with label bengali poem. Show all posts
Showing posts with label bengali poem. Show all posts

Sunday, August 30, 2015

প্রাণহীন

বহু শতকের অনাদর
প্রবঞ্চনা আর পীড়ায়
আজ
অনুভূতিরা সব নিশ্চুপ ||



অনেকদিন হল কিছু লেখা হয়ে ওঠেনি | আজ, অবশেষে, লিখে ফেললাম এটা | আশা করি, ভালো লাগবে | :)

ছবি সৌজন্য: larvalsubjects.wordpress.com

Friday, October 25, 2013

আমি, The Ego

আমি
চারপাশের নিকষ কালো বেড়াজাল
থমকে যাওয়া জীবনমুখী গান
বয়ঃসন্ধির উপচে পরা ঢেউ
বিজ্ঞাপনের লালাভ এক চোখ
আর একটু দূরে দাঁড়িয়ে থাকা সময়
আমি-র দু-চোখে ঠুলি
জমা অন্ধকার।

অশরীরী ইমোশনের
দুর্বিনীত প্রলোভন
আক্রোশ
আর বিশ্বায়নের সাজা,
দ্বিখন্ডিত মন...
ঘাম চুঁইয়ে ঝরছে পরে বিশ্বাস
আর সমবেদনার ভিত।
রক্তবীজের আর এক নাম কি
আধুনিকতা?


Image Courtesy: TalkPhotography

Wednesday, February 6, 2013

ফাটল

বাঁধনের জটগুলো সব আলগা করে খোলা
একা ঘাস ফুল পাতা ছোঁয় আলতো করে মালী
যেখানে সন্ধ্যে নামে তিস্তা পারের খোঁজে
সেখানে নীলচে জলে শেষ বর্ষার বালি
যেটুকু মুক্তো ছিল পদ্ম পাতায় তোলা
জানিনা আজ কিরণে হীরে সাজায় কিনা
পথের ওই কোনায় রাখা দু-ফালি স্মৃতিতে
মিছে জল যায় এঁকে সব বিচিত্র আলপনা...



Photo Courtesy: Wallpaperup.com

Tuesday, February 5, 2013

ভ্রম

এক গুচ্ছ অভিমান
ধূসর কিছু ঘোলাটে স্মৃতি
কথা বলছে আজ
হাত ধরে।
হাতড়ানো অন্ধকার
চারপাশ ভেজা নীরবতায়
আকাশ থেকে হিমের মত
নামছে স্বপ্ন একটা দু'টো
পলি জমা চৌকাঠ
অচেনা নিঃশ্বাস সবার
যাবজ্জীবন দুঃস্বপ্ন বোনা
সাজাপ্রাপ্ত আসামী জীবন
কথার খেলাপে মৃত্যুভয়
একফোঁটা চোখের জল,
আহ!
মৃত্যু, তুমি বরাভয়!

কষ্ঠিপাথরে আঁকা দালান
স্বপ্ন ভাঙ্গছে একটা দু'টো
গভীর নিঃশ্বাসে ছন্দপতন
ব্যাকুল চোখে পেলবতা,
আজ আকাশজোড়া কাব্যকারী
বীতশোক মহামারী
কৃপণ যত ছায়াঘন মন
হায়! বন্ধদ্বার
কেউ কাউকে চায়েনা এখানে,
সবাই শুধু
আকাশকে ছুঁতে চায়!


Image credit: Passion Buddha

Friday, January 18, 2013

আমার অবচেতন

ভীড় বাস
মানুষের মিছিল
বহমান রাস্তা আর চোরা স্রোত
বন্ধ দু'চোখ
ক্লান্ত নজর
সহস্র মুখের ভীড়ে একটা মুখের
অন্তহীন খোঁজ।
শ্রান্ত উত্কন্ঠা
অলস পর্যবেক্ষণ
ঝাপসা মানুষের ভীড়
এক নিমেষে -
অলীক কিছু ছায়ায়
ভাসছে
আমার অবচেতন।


Wednesday, October 31, 2012

ভাবের ঘরে চুরি

শুকনো পাতা ঝড়ার নিস্তব্ধতা
আলোর অভিমুখে এগিয়ে চলার গতিহীনতা
আর ফুরিয়ে যাওয়া অভিব্যক্তি
আমাকে চেনায় জীবন|
শূন্যের ওপারেও থামেনা সময়
মিছে বকে মরে একফালি চাঁদ
অবিরাম বৃত্তের ঘূর্ণিপথে
বেঁচে থাকে এক কুচি প্রাণ|
নেশাতুর চোখে সমান্তরাল
কটা সীমাহীন লাইনের
সমান্তরালতা এঁকে বেঁকে মিশে যায়
প্রাণের আশায়|
স্থুল আবেগ মুখ ঢাকে
স্থূলকায় অঙ্গীকারের তীব্র বর্ণময়তায়
আর এক ফোঁটা সুখের পদধ্বনি
সুপ্ত চেতনার অভিপ্রায়|


Photocourtesy: Flickr

Friday, June 29, 2012

দু'কুচি পরাগ

একটা শালিক, একফালি রোদ
কানামাছি খেলা, বোধহীন বোধ|
জমছেনা তবু, কাটছেনা দাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|
একপেশে মন অধীনতা চায়
নামহীন গলি, অস্থির সময়|
ধারবাকি খাতা, ফাঁকা ইমারত
জেনেছিল শেষে অবেলা শরত্|
ডাক দিয়ে সাঁঝে, পালাবে ভাবিনি
বেঁধেছিল সুর বেহাগ যামিনী|
কথা কিছু আজও তবু মনে আছে
আঁকা-বাঁকা নদী হাঁপ ছেড়ে বাঁচে|
মাটির গভীরে শিকড়, বন্য অহংকার
কঠোর পাথরে লেখা ফুলের বিচার|
ক্লান্ত পথিক আর শ্রান্ত বাগিচা
মেঘবাড়ি জুড়ে কলমের খোঁচা|
তবুও আসেনি আজও  আশাবরী রাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|


Saturday, April 14, 2012

Balance Sheet

বাড়ছে বয়স, কমছে আয়ু|
বাড়ছে দূষণ, কমছে বায়ু||

বাড়ছে নাশ, সৃষ্টি হ্রাস|
বাড়ছে ক্ষুধা, অরণ্য গ্রাস||

বাড়ছে যান, বাড়ছে গাড়ি|
কমছে জমি, বাড়ছে বাড়ি||

বাড়ছে পশু, কমছে মানুষ|
বাড়ছে নানান রঙ্গিন ফানুস||

কমছে স্নেহ, বাড়ছে ত্রাস|
কমছে ভালোবাসার বাস||

বাড়ছে প্রেশার, মন্দ রোগ|
কমছে শুভ বিবাহযোগ||

সংসারের এই ব্যালান্স-শীট-এ,
পেলে কি খুঁজে লাভকে নীটে?


Balance Sheet of Life

(P.S. ক্লাস 6-এ লেখা কবিতা) :-P

Sunday, September 18, 2011

অলীক কল্পনা

তোর সাথে কথা বলি আজও
নিঝুম রাত পান করে
যখন তিলোত্তমা কল্লোলহীনা
আর আমার ঘরে খুচরো স্মৃতি
ধূসর চরাচর
স্তব্ধ আলাপন

তোর রাগের ঢেউ বুকে ভাঙ্গে
সোহাগ যেন ভীরু পাখি
মুছতে চাইনি একটা দাগও
তবু সব প্রেম ধুয়ে গেল
আবার জলমগ্ন চরাচর
আর একা আমি নিশুতি রাত

তোর টুকরো হাসি আড়াল থেকে
ডাকছে আমায় আদর ভরে
ফাঁকা ঘরে উড়ছে চড়ুই
ভঙ্গুর আকাশ এক নিমেষে
সোঁদা মাটির গন্ধ নিয়ে
বাসছি ভালো আজও তোকে...

Broken Dreams